জানুয়ারি ২২, ২০২৬, ০৯:২৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনি ঐক্য জোটের ‘সমন্বিত প্রতীক’ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে ‘দাঁড়িপাল্লা’ তুলে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় এই প্রতীক হস্তান্তর করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, নাহিদ ইসলামের জন্য এই প্রতীকটি বিশেষ তাৎপর্যপূর্ণ; দাঁড়িপাল্লার ওপরের অংশে থাকা কলিটিকে ভোটারদের ‘শাপলা কলি’ হিসেবে ধরে নেওয়ার আহ্বান জানান তিনি। মূলত ঢাকা-১১ আসনের ভোটারদের জন্য ইনসাফের প্রতীকের সঙ্গে এই সমন্বয় করা হয়েছে।
জনসভায় আমিরে জামায়াত দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইনসাফ না থাকার কারণে দেশের টাকা বিদেশে পাচার করে দুর্নীতিবাজরা ‘বেগম পাড়া’ বানিয়েছে। এ দেশে ফ্যাসিবাদের ছায়াও আর দেখতে চাই না।
নতুন করে কেউ ফ্যাসিবাদ আনার চেষ্টা করলে তাদের পরিণতি ৫ আগস্টের মতো হবে। ১০ দলীয় জোটকে ভোট দেওয়ার অর্থ হলো চাঁদাবাজির বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট দেওয়া। তিনি অঙ্গীকার করেন যে, ক্ষমতায় গেলে রাস্তার ভিক্ষুকের কাছ থেকেও নেওয়া ‘বেসরকারি ট্যাক্স’ বা চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।নাহিদ ইসলাম ও জোটের অন্যান্য প্রার্থীদের পাশে নিয়ে ডা. শফিকুর রহমান বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ঘোষণা দেন। তিনি বিশেষ করে নারীদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সম্মানের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
চব্বিশের বিপ্লবের অন্যতম শহীদ শরিফ ওসমান হাদিকে স্মরণ করে তিনি বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির কণ্ঠকে স্তব্ধ করতে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু আজ ১৮ কোটি হাদি জেগে উঠেছে। এই বিপ্লবীদের স্বপ্ন বাস্তবায়নে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে লড়াই করবে।
এদিন মিরপুরের জনসভাটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছিল। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই মিরপুর ১০ নম্বর এলাকা দাঁড়িপাল্লা ও জোটের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও জামায়াত ও শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জোটের শরিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মিরপুরে বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনি জনসভা সম্পন্ন হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন