রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রবাসীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের বিশেষ নির্বাচনী বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:২৪ এএম

প্রবাসীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের বিশেষ নির্বাচনী বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের শাসনতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে আয়োজিত গণভোট নিয়ে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রবাসীদের পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি দেশে ইতিবাচক পরিবর্তনের জন্য দুটি মূল্যবান ভোট প্রদানের আহ্বান জানান।

 নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রবাসী ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করার কথা রয়েছে।

জামায়াত আমির তাঁর বার্তায় প্রবাসীদের উদ্দেশ্যে দুটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। প্রথমত, গত ৫৪ বছরের বিদ্যমান শাসনব্যবস্থা, দুর্নীতি ও দুঃশাসনের আমূল সংস্কারের লক্ষ্যে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানান তিনি।

দ্বিতীয়ত, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত এবং জনআকাঙ্ক্ষাভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, ২৪-এর জুলাই বিপ্লব পরবর্তী কার্যক্রম বিবেচনায় নিলেই প্রবাসীদের জন্য সঠিক প্রার্থী ও প্রতীক বেছে নেওয়া সহজ হবে।বার্তায় ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, ভোট কেবল একটি নাগরিক অধিকার নয়; বরং দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য এটি একটি পবিত্র দায়িত্ব। 

তিনি প্রবাসীদের অতীতের সকল দুর্নীতি ও দুঃশাসনের সাথে সংশ্লিষ্টদের প্রত্যাখ্যান করে ইনসাফের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। উল্লেখ্য যে, এই প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন, যা নিয়ে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট না পৌঁছালে তা গণনায় আসবে না। তাই প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ২৫ জানুয়ারির মধ্যে ভোট প্রদান ও ব্যালট পাঠানোর প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডা. শফিকুর রহমানের এই আহ্বানটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।