জানুয়ারি ২৩, ২০২৬, ১২:০৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১০ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে তাকে দিয়ে আর যাই সম্ভব হোক না কেন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি কোনোদিনও সম্ভব নয়। আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে অনেক মানুষ হয়তো অন্য পার্টির মিছিলে যাবে বা অন্য মার্কা নিয়ে স্লোগান দিবে কিন্তু ভোটের দিনে তারা গোপনে তাকেই বেছে নেবে। তিনি বিশ্বাস করেন সাধারণ মানুষ তার সততা ও নিষ্ঠার ওপর আস্থা রাখবে।
উঠান বৈঠকে এই জোট প্রার্থী স্থানীয় খেটে খাওয়া মানুষের কথা উল্লেখ করে বলেন সিএনজি চালক থেকে শুরু করে ছোট দোকানদার পর্যন্ত সবাই জানে যে হাসনাত আব্দুল্লাহ নির্বাচিত হলে ১০ টাকার জন্য কারো দ্বারে যাবে না।
তিনি দাবি করেন গত দেড় বছরে তিনি কিংবা তার দলের কোনো লোক কারো কাছে একটি পয়সার জন্য যায়নি। তারা কোনো বাজার দখল, হাট দখল কিংবা পরিবহন খাত থেকে টাকা আদায়ের মতো কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়নি। হাসনাত আব্দুল্লাহ বলেন যারা রেমিট্যান্স যোদ্ধা, যারা বেকার কিংবা যারা কলকারখানায় কাজ করে এবার তাদের মধ্য থেকেই প্রকৃত নেতা নির্বাচিত হবে ইনশাল্লাহ। সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি বদ্ধপরিকর বলে সভায় প্রতিশ্রুতি দেন।
এর আগে সকালে দেবিদ্বার নিউমার্কেট এলাকা থেকে তার বিশাল গণসংযোগ শুরু হয়। হাসনাত আব্দুল্লাহ পরে বিহারমন্ডল মোহনপুর, ছোটনা মোহনপুরসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের কাছে গিয়ে দোয়া চান। তিনি মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে শাপলাকলি প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এই গণসংযোগকালে স্থানীয় জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এলাকার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিবে। দেবিদ্বারের সাধারণ মানুষের মাঝে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন