রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

সরকারে এলে ইনসাফভিত্তিক উন্নয়ন করবো: শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ১২:০৯ পিএম

সরকারে এলে ইনসাফভিত্তিক উন্নয়ন করবো: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অলীক কোনো স্বপ্ন নয় বরং বাস্তবতার ভিত্তিতে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে উত্তরবঙ্গ সফরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অঙ্গীকার ব্যক্ত করেন। 

তিনি বলেন জনগণের ভোটে এবং ভালোবাসায় যদি তারা দেশসেবার সুযোগ পান তবে জনগণের সম্পদ দিয়েই ইনসাফ কায়েম করা হবে। ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়ে দেন যে তারা মানুষকে কোনো প্রলোভন দেখিয়ে কিনতে চান না এবং মানুষের জীবনের প্রতি তারা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে জামায়াত আমির বিগত দীর্ঘ সময়ের রাজনীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন ১৭ বছরের বস্তাপচা রাজনীতির বন্দোবস্ত পরিষ্কার করে দেশে এখন সম্প্রীতির রাজনীতির চর্চা ও বিকাশ ঘটাতে হবে। 

যারা আগে ১০ টাকা কেজি চাল কিংবা এখন ফ্ল্যাট দেওয়ার মতো মিথ্যা কার্ডের লোভ দেখাচ্ছে তাদের কড়া সমালোচনা করে তিনি বলেন জামায়াত এই ধরনের চোরাপথে মানুষের ভোটের অধিকার প্রভাবিত করাকে চরমভাবে ঘৃণা করে। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যে দল বা ব্যক্তিকে পছন্দ হয় তাকেই নিঃসংকোচে ভোট দেওয়া উচিত কারণ একটি ভোটই নির্ধারণ করবে আগামীতে দেশের হাল কারা ধরবেন। তিনি ভোটকে কেবল অধিকার নয় বরং একটি পবিত্র দায়িত্ব হিসেবে পালন করার পরামর্শ দেন।

দুই দিনের এই দীর্ঘ সফরে জামায়াত আমির আজ উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে জনসভায় অংশ নেবেন। সূচি অনুযায়ী আজ বেলা ১১টায় পঞ্চগড়ে এবং দুপুর ২টায় দিনাজপুরে তার জনসভা করার কথা রয়েছে। বিকেলে ঠাকুরগাঁও ও সন্ধ্যায় রংপুরে বিভাগীয় জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সকালে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা হয়ে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন উত্তরবঙ্গের এই সফর জামায়াতের নির্বাচনি শক্তিমত্তা প্রদর্শনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।