জানুয়ারি ২৩, ২০২৬, ১২:৪৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভাসানটেকের বিআরবি মাঠে আয়োজিত এই জনসভাটি পূর্বনির্ধারিত দুপুরের পরিবর্তে সন্ধ্যা ৬টায় শুরু হবে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে। বিএনপি চেয়ারম্যান ও এই আসনের মনোনীত প্রার্থী তারেক রহমানের সমর্থনে এই বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা আশা করছেন সময়ের এই পরিবর্তনে জনসমাগম আরও বাড়বে এবং সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি সফলভাবে সম্পন্ন হবে।
এদিকে নির্বাচনি প্রচারণার প্রথম ধাপে দেশের ৭টি জেলায় টানা জনসভা শেষে আজ শুক্রবার ভোরে রাজধানীতে ফিরেছেন তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে বিএনপির মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
প্রচারণার প্রথম দিনেই তারেক রহমান ঢাকা থেকে আকাশপথে সিলেট পৌঁছে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন। এরপর তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং সর্বশেষ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশাল সব জনসভায় বক্তব্য রাখেন। প্রায় প্রতিটি আসনেই তিনি ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়েছেন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।
ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত হওয়ায় এটি বিএনপির জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ। আজ সন্ধ্যার জনসভায় তারেক রহমান নিজে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। এই জনসভাকে কেন্দ্র করে ভাসানটেক ও সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ও সাজসজ্জা করা হয়েছে। বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন তারা এই আসনের প্রতিটি মানুষের কাছে গিয়ে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন। গত ১৫ বছরের ভোটাধিকার হরণের প্রতিশোধ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সাধারণ মানুষকে দলে দলে কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছেন তারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন