রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই: শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ০১:১৯ পিএম

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই: শফিকুর রহমান

উত্তরবঙ্গকে অবহেলা ও দারিদ্র্যের শৃঙ্খল থেকে মুক্ত করে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় জোট আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। 

জামায়াত আমির বলেন দীর্ঘদিন ধরে স্লোগান দেওয়া হয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া কিন্তু এখন থেকে স্লোগান হবে তেঁতুলিয়া থেকে টেকনাফ। উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না বরং এখান থেকেই দেশের সমৃদ্ধির সূচনা হবে। তিনি আরও বলেন তাদের কাছে কোনো মিথ্যে প্রতিশ্রুতির কার্ড নেই বরং জনগণের ভালোবাসাই তাদের আসল শক্তি।

নির্বাচনী সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে দরিদ্র করে রাখা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন প্রাকৃতিক সম্পদ ও নদী থাকা সত্ত্বেও কেন এই অঞ্চলের নদীগুলো শুকিয়ে মরে গেল এবং কেন কোনো মা-বাবার মতো অভিভাবক এই নদী রক্ষায় এগিয়ে আসেনি। 

জামায়াত আমির বলেন তারা নির্বাচনের কোকিল নন যারা কেবল ভোটের সময় এসে কুহু কুহু ডাক দেয়। বরং শত জুলুম ও নির্যাতনের মধ্যেও তারা সাধারণ মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন। তিনি ঘোষণা দেন ক্ষমতায় গেলে দেশের ৬৪ জেলায় ৬৪টি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে এবং পাচার হওয়া ২৮ হাজার কোটি টাকা বিদেশ থেকে উদ্ধার করে দেশের উন্নয়নে ব্যয় করা হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উত্তরবঙ্গের বেকার সমস্যা দূর করতে কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করার জোরালো প্রতিশ্রুতি দেন। শফিকুর রহমান বলেন যদি জনগণ তাদের সুযোগ দেয় তবে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থ পাচার চিরতরে বন্ধ করা হবে। তিনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন যেন কোনো নতুন দুর্বৃত্ত নতুন পোশাক পরে দেশের ক্ষমতায় আসতে না পারে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সত্যের বিজয় হবে বলে তিনি গভীর আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশে উপস্থিত হাজার হাজার মানুষের স্লোগানে পুরো চিনিকল মাঠ মুখরিত হয়ে ওঠে যা উত্তরবঙ্গে ১০ দলীয় জোটের শক্তিশালী অবস্থানের জানান দেয়।