জানুয়ারি ২৩, ২০২৬, ০২:৩০ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন যে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে বলে যে দাবি করা হয় তা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা। আজ শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আরাফাত নগর এলাকায় আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন রাজনৈতিক প্রতিপক্ষরা জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন ভিত্তিহীন কথা ছড়াচ্ছে। জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করে না বরং ধর্ম মেনে রাজনীতি করে দাবি করে তিনি বলেন যারা সারা বছর ধর্ম মানে না কিন্তু ভোটের সময় টুপি ও ধর্মীয় লেবাস পরে তারাই মূলত ধর্ম নিয়ে রাজনীতিতে লিপ্ত।
সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক কিছু মন্তব্যের কড়া সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন আমরা ভেবেছিলাম বিলেতে থেকে উনার রাজনৈতিক পরিপক্বতা এসেছে কিন্তু তিনি এখন বড় মুফতি সেজে ফতোয়া দিচ্ছেন।
কে মুশরিক বা কে কাফের সেই ফতোয়া দেওয়ার অধিকার তার নেই বলে তিনি উল্লেখ করেন। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামায়াতকে শিরক বা কুফরের সঙ্গে তুলনা করা হচ্ছে যা মূলত ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকারই বহিঃপ্রকাশ। তিনি দেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের মীমাংসিত বিষয়গুলো নিয়ে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টার নিন্দাও জানান।একাত্তরের ভূমিকা প্রসঙ্গে গোলাম পরওয়ার দাবি করেন যে জামায়াতের কেউ একাত্তরে কোনো অপরাধ করেনি।
তার মতে জামায়াত কেবল তৎকালীন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিয়েছিল। তিনি প্রশ্ন তোলেন যদি জামায়াতের বিরুদ্ধে এতই ক্ষোভ থাকে তবে বিএনপি কেন অতীতে তাদের সঙ্গে জোট করেছিল। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন কালো টাকা দিয়ে মানুষের বিবেক কেনা যায় না এবং ভোট বিক্রি করা মানে নিজের ভবিষ্যৎ বিক্রি করা। তিনি ঘোষণা দেন ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে দুর্নীতি নির্মূল করে একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠন করা হবে। সমাবেশ শেষে তিনি স্থানীয় একটি মহিলা সমাবেশে যোগ দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন