শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:০০ পিএম

আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন যে তারা যদি একবার ঘোষণা দেন তবে ঢাকা শহরের রাজপথে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী নামতে পারবে না। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। 

ইশরাক হোসেন বলেন বিএনপি কোনো ভেসে আসা দল নয় বরং দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও ত্যাগের মাধ্যমে এই পর্যায়ে এসেছে। রাজপথে তাদের অসংখ্য ভাইদের রক্ত রয়েছে এবং তারা গুলির মুখে দাঁড়িয়ে লড়াই করেছেন যা সাধারণ মানুষের কাছে পরিষ্কার।

জামায়াতের একজন প্রার্থীর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ইশরাক হোসেন বলেন এই ধরনের কথা এখন হাস্যরসে পরিণত হয়েছে এবং তারা কেবল নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য এসব আবোল-তাবোল বলছে। 

তিনি প্রশ্ন তোলেন যে বিগত বছরগুলোতে যখন রাজপথে তীব্র আন্দোলন চলছিল তখন এই শক্তিগুলো কোথায় ছিল। তার মতে ৫ আগস্টের পর এই ‘গুপ্ত বাহিনী’ হঠাৎ করে প্রকাশ্যে উদয় হয়েছে। ইশরাক দাবি করেন যখন রাস্তায় মানুষ থাকতো না তখন তারা কেবল অন্ধকারের সুযোগ নিয়ে ঝটিকা মিছিল করতো কিন্তু বিএনপি রাজপথে বুক ফুলিয়ে লড়াই করেছে।নির্বাচনি ফলাফলের ভবিষ্যৎবাণী করে ইশরাক হোসেন বলেন জামায়াত নিজেও জানে যে ঢাকা শহরের সব আসনেই তাদের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

হারার ভয় থেকেই তারা এখন উসকানিমূলক কথা বলছে। তিনি আরও কঠোর ভাষায় হুশিয়ারি দিয়ে বলেন যদি তাদের অন্য কোনো দুরভিসন্ধি থাকে তবে নির্বাচনের আগেই তাদের ঢাকা থেকে বিতাড়িত করা হবে। জনগণের সমর্থনে বিএনপি ঢাকা-৬ আসনসহ রাজধানীর প্রতিটি আসনে বিজয়ী হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এই গণসংযোগকালে বংশাল ও কোতোয়ালি এলাকার বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।