জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:০০ পিএম
রাজনীতিকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য এবং জনবান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার সকালে দেবিদ্বার নিউমার্কেট মসজিদে ফজরের নামাজ আদায় শেষে দ্বিতীয় দিনের নির্বাচনি পথসভা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন রাজনীতি যদি কেবল ব্যয়বহুল ও বিলাসিতার বিষয়ে পরিণত হয় তবে তা ব্যাংক ডাকাত, লুটেরা ও দুর্নীতিবাজদের দখলে চলে যাবে। তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন রাজনীতি যেন কোনোভাবেই বিনিয়োগ এবং সেই বিনিয়োগের মুনাফা পাওয়ার মাধ্যম না হয় তা ভোটারদেরই নিশ্চিত করতে হবে।
পথসভায় হাসনাত আবদুল্লাহ প্রচলিত ‘ভিআইপি কালচার’ নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন নেতাদের ঘিরে কৃত্রিম বলয় তৈরি করে তাদের সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় যা রাজনীতিকে জনবিচ্ছিন্ন করে দেয়।
তিনি আয়োজকদের অনুরোধ করেন যেন তার প্রোগ্রামে বড় চেয়ার বা ছোট চেয়ারের কোনো বৈষম্য না রাখা হয়। হাসনাত আবদুল্লাহর মতে তিনি কেবল সম্মান ও মানুষের সেবা করার আগ্রহ থেকে রাজনীতিতে এসেছেন এবং তার লক্ষ্য হলো এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষিত ও সজ্জন ব্যক্তিরা কাজ করার সুযোগ পাবেন। তিনি দাবি করেন ব্যাংক ডাকাতরা মূলত তাদের অবৈধ সম্পদ রক্ষা এবং শুল্কমুক্ত সুবিধাদি ভোগ করতেই রাজনীতিতে আসে।ভোটারদের সরাসরি সম্বোধন করে হাসনাত আবদুল্লাহ বলেন আপনারা আমাদের বিনা পয়সায় ভোট দেবেন এবং আমরা আগামী ৫ বছর আপনাদের জন্য বিনা পয়সায় সার্ভিস দেব।
তিনি প্রতিশ্রুতি দেন যে ইনসাফভিত্তিক সমাজ গঠনে কোনো দুর্নীতিবাজ বা টাকা আত্মসাৎকারীকে তিনি পাশে রাখবেন না। কেন্দ্র দখল ও হুমকির রাজনীতির নিন্দা জানিয়ে তিনি বলেন ভোট দেওয়া সম্পূর্ণ ভালোবাসার বিষয় যেখানে জোরজবরদস্তির কোনো স্থান নেই। আজ দিনভর তিনি পৌরসভার ভিংলা বাড়ি, মোহনপুর ও বরকামতা এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। এই সময় তার সাথে জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শহীদসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন