রবিউল এহ্সান রিপন
জানুয়ারি ২৩, ২০২৬, ০৬:২০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। দেশের উন্নয়ন একমাত্র ধানের শীষ প্রতীকের মাধ্যমেই সম্ভব, আর কারও দ্বারা নয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জামায়াতে ইসলামী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল ভোটারদের উদ্দেশে বলেন, সামনের মাসের ১২ ফেব্রুয়ারি নির্বাচন।
একটা দল (জামায়াত) আপনাদের কাছে ভোট চাইতে আসছে, দাঁড়িপাল্লার কথা বলছে। তারা কি কখনো সরকার চালিয়েছে? আপনাদের জন্য কি কোনো কাজ করেছে? করেনি। কিন্তু আমরা কাজ করেছি। আমরা সরকারে গিয়ে আপনাদের সেবা করেছি।
তাই অতীত অভিজ্ঞতা থেকে বলছি, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো এখন আর কেউ নেই।বিগত সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন,গত পনেরো বছরে আপনারা কেউ ভোট দিতে পারেননি। ভোটের আগের রাতেই ভোট হয়ে যেত, অথবা ভোট ছিনতাই করে নিয়ে যেত। এখন একটি সুযোগ এসেছে। শেখ হাসিনা ভারতে চলে গেছেন, ভালোই করেছেন। কিন্তু যারা তাকে সমর্থন করত, তাদের তিনি বিপদে ফেলে গেছেন।তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলছি, যারা নিরপরাধ তাদের ভয়ের কিছু নেই। যারা কোনো অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না। আমরা তাদের পাশে আছি।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, আমি আমার এলাকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের জন্য কাজ করি। কিছু লোক হিন্দু-মুসলিমে বিভেদ সৃষ্টি করতে চায়। কিন্তু আমাদের ভাগ করার কোনো সুযোগ নেই। আমরা সবাই মিলেমিশে বসবাস করি এবং সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।
ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, আমরা জিয়াউর রহমানের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক। যাদের আপন ভেবে মানুষ কাঁদে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে পরীক্ষিত দল বিএনপিকে আবারও দেশসেবার সুযোগ দিন।