জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৪৫ পিএম
গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে প্রচার চালাচ্ছেন তারা নাৎসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা জি এম কাদের। আজ শনিবার বিকেলে তার নির্বাচনী এলাকা রংপুর-৩ আসনে প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন যদি গণভোটে ‘না’ ভোটের প্রচার করলে কাউকে স্বৈরাচারের দোসর বলা হয় তবে যারা ‘হ্যাঁ’ ভোটের কথা বলছেন তাদের নাৎসিবাদের দোসর বলা যুক্তিযুক্ত।
জি এম কাদের বর্তমান নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন বর্তমানে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি মিলে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং তাদের অধীনেই নির্বাচনের আয়োজন করা হচ্ছে।
ফলে এই নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা বজায় থাকছে না এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পাওয়া সম্ভব নয় বলে তিনি দাবি করেন। সরকারের প্রভাবমুক্ত ভোট হওয়া নিয়ে প্রশ্ন তোলেন এই রাজনৈতিক নেতা।রংপুরে নিজের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করা জি এম কাদের বলেন বর্তমান সরকার ও তাদের মিত্রদের কর্মকাণ্ডে একতরফা মনোভাব প্রকাশ পাচ্ছে।
তিনি মনে করেন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার তা এখনো নিশ্চিত হয়নি। মাঠ পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন দেশের রাজনৈতিক সংকট নিরসনে একটি সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়া জরুরি। নির্বাচনের পরিবেশ নিয়ে তার এই মন্তব্য স্থানীয় ও জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন