জানুয়ারি ২৫, ২০২৬, ১১:১৫ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিক থেকেই আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখতে এবং তার দিকনির্দেশনামূলক ভাষণ শুনতে ভোর থেকেই চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢলে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
দলীয় সূত্র নিশ্চিত করেছে যে বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান সভামঞ্চে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন।সরেজমিনে দেখা গেছে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা এবং তিন পার্বত্য জেলা ও কক্সবাজার থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন।
নেতাকর্মীদের হাতে ধানের শীষের প্ল্যাকার্ড এবং মুখে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক স্লোগান বন্দরনগরীর আকাশ-বাতাস মুখরিত করে তুলেছে। বিশেষ করে কদমতলী টাইগারপাস সিআরবি এবং লালখান বাজার এলাকা দিয়ে আসা বিশাল সব মিছিল পলোগ্রাউন্ডে এসে মিশছে। পুরো এলাকা এখন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।
জনসভায় শৃঙ্খলা রক্ষায় মহানগর বিএনপির পক্ষ থেকে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। মাঠের ভেতরের শৃঙ্খলার পাশাপাশি ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেনাবাহিনী পুলিশ ও র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। নিরাপত্তার স্বার্থে সিআরবি এলাকাসহ আশেপাশের বেশ কিছু সড়কে যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। মঞ্চে প্রবেশের ক্ষেত্রেও মেটাল ডিটেক্টর ও কড়া তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে। ইতোমধ্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রামের ১৬টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা মঞ্চে উপস্থিত হয়েছেন।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় তারেক রহমান ঢাকা থেকে আকাশপথে চট্টগ্রাম এসে পৌঁছান। বিমানবন্দরে নামার পর তাকে রাজকীয় অভ্যর্থনা জানান লাখো নেতাকর্মী। সেখান থেকে তিনি বিশেষ বাসে করে নগরীর একটি অভিজাত হোটেলে অবস্থান করেন। আজকের এই জনসভা থেকে তারেক রহমান আগামী নির্বাচনের কৌশল ও নেতাকর্মীদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে। বন্দরনগরীর এই বিশাল শোডাউন ভোটের মাঠে বিএনপিকে এক শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে দলটির শীর্ষ নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন