রবিউল এহ্সান রিপন
জানুয়ারি ২৫, ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের দেশে হিন্দু-বৌদ্ধসহ অন্যান্য ধর্মের মানুষেরা আছেন। রাজনীতিতে ধর্ম টেনে আনলে পক্ষপাতিত্ব হয়ে যাবে। তাই রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয়।রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব মন্তব্য করেন।
প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে বিএনপির পার্থক্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির পার্থক্য হলো—বিএনপি একটি পরীক্ষিত দল। আপনারা সবাই আমাদের চেনেন। আওয়ামী লীগ যা করেছে, আমাদের দলের কেউ তা করবে না।
বিগত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, “গত ১৫ বছর আমরা মামলা আর পুলিশের তাড়ায় ছিলাম। বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি। সারা দেশে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, শুধু ঠাকুরগাঁওয়েই দেওয়া হয়েছে সাড়ে ৭ হাজার মামলা।
আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক অর্থ ব্যয় হয়েছে। শেখ হাসিনা পালানোর পর সেসব মামলা তুলে নেওয়া হয়েছে।”নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বিএনপি মহাসচিব বলেন, “আমরা ক্ষমতায় এলে মায়েদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এই কার্ড দিয়ে ন্যায্যমূল্যে চাল, ডাল, আটা পাওয়া যাবে।
কার্ডটি দেখালে হাসপাতালে চিকিৎসাসেবা এবং সন্তানদের শিক্ষার ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাওয়া যাবে। এছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও কীটনাশক নিশ্চিত করা হবে।”গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।