জানুয়ারি ২৫, ২০২৬, ১২:৩৭ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় ১০ দলীয় জোট আয়োজিত ঢাকা-৪ ও ৫ আসনের নির্বাচনী সমাবেশে মানুষের ঢল নেমেছে। আজ রোববার সকাল ১১টায় সমাবেশ শুরুর আগেই নির্ধারিত এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি ইতোমধ্যে সভামঞ্চে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তার ভাষণ শুরু হওয়ার কথা রয়েছে।আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ১০ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৪ আসনের পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন সমাবেশে উপস্থিত থেকে ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
এ সময় মঞ্চে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন, জামায়াত নেতা শাজাহান খান এবং এবি পার্টির কেন্দ্রীয় নেতা লুতফুর রহমানসহ জোটের শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বহিঃশক্তির প্রভাব নিয়ে কথা বলেন। তারা সাফ জানিয়ে দেন যে বাংলাদেশের মাটিতে কোনো ধরনের আধিপত্যবাদের ছায়া দেখতে চান না এ দেশের মানুষ। বক্তারা ভারতের দালাল ও চাঁদাবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান। একই সাথে আসন্ন গণভোটে `হ্যাঁ` এর পক্ষে রায় দিয়ে বর্তমান সরকারের গৃহীত জুলাই সনদের প্রতি পূর্ণ সমর্থন জানানোর জন্য উপস্থিত জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
সমাবেশকে কেন্দ্র করে যাত্রাবাড়ী ও কাজলা এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই মিছিল নিয়ে জোটের বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা রং-বেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সমাবেশটি মূলত ঢাকা-৪ ও ৫ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হলেও এটি ১০ দলীয় জোটের একটি বড় শোডাউনে পরিণত হয়েছে। বর্তমান নির্বাচন ব্যবস্থায় নিজেদের শক্তি প্রদর্শনের মাধ্যমে ভোটারদের মধ্যে একটি নতুন জোয়ার তৈরির চেষ্টা করছেন জোটের নেতারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন