জানুয়ারি ২৫, ২০২৬, ১২:৪৬ পিএম
পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এক নজিরবিহীন ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি ব্যক্তিগত কোনো সরকারি সুযোগ-সুবিধা, প্লট কিংবা ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবেন না।
বরং তার প্রাপ্য সব সুযোগ-সুবিধা বাউফলের সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করবেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ তার বক্তব্যে বাউফলকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হওয়ার ৬০ দিনের মধ্যে বাউফল থেকে মাদক নির্মূল করা হবে এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতির কবর রচনা করা হবে। এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের অঙ্গীকার করে তিনি বলেন, বাউফলের প্রধান সড়কগুলো প্রয়োজন অনুযায়ী দুই বা চার লেনে উন্নীত করা হবে।
এছাড়া দীর্ঘদিনের স্বপ্ন ‘বগা সেতু’ বাস্তবায়নের মাধ্যমে চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করবেন। তিনি স্পষ্ট ঘোষণা দেন যে, চরের জমি যার হবে, ফসলের অধিকারও তার থাকবে—এই ইনসাফের লড়াই তিনি চালিয়ে যাবেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, ১০ দলীয় ঐক্য কোনো নির্দিষ্ট নেতার নেতৃত্ব বা দলের ভাগ্য গড়ার জন্য নয়, বরং বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে গঠিত হয়েছে।
প্রধান বক্তা হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ড. শফিকুল ইসলাম মাসুদকে সারা বাংলাদেশের সম্পদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক হিসেবে অভিহিত করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজকে ভোটকেন্দ্র দখল করতে দেওয়া হবে না।বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, মুজাহিদুল ইসলাম শাহিন এবং সাবেক ডিআইজি মো. আনোয়ার হোসেনসহ ১০ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকাল থেকেই পটুয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার হাজার মানুষ বাউফল পাবলিক মাঠে জড়ো হওয়ায় পুরো এলাকা এক জনসমুদ্রে পরিণত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন