জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:০১ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি দেশবাসীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “গত ১৫-১৬ বছর আপনাদের ভোটের অধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল।
যারা এই অপরাধ করেছে তারা আজ পলায়নপর। কিন্তু নতুন করে যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “শুধু ভোট দিলেই চলবে না, ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে।
আপনার মূল্যবান ভোটের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিয়ে তবেই ফিরতে হবে। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশ গড়তে হবে, কারণ এই দেশই আমাদের একমাত্র ঠিকানা।হাতিয়ার স্থানীয় সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ ও ব্লক বাঁধের যে দীর্ঘদিনের সমস্যা, বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো সমাধান করা হবে।
আপনারা এর আগে অনেককে সুযোগ দিয়েছেন, কিন্তু তারা সমস্যার সমাধান করেনি।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার মাধ্যমে উন্নয়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান।জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান। জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই জনসভাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়। তারেক রহমানের এই বক্তব্য উপকূলীয় অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন