আবু সালেহ মো রায়হান
জানুয়ারি ২৭, ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করছে, তারা মূলত নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না।
গণভোট নিয়ে নেতিবাচক প্রচারণার কঠোর সমালোচনা করে তিনি বলেন, অনেকে বলছেন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে ৭১ থাকবে না বা অন্য কিছু থাকবে না। যারা এ ধরনের কথা বলছেন, আমরা মনে করি তাদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। এসব বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে।
প্রচারণায় সারজিস আলম এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে আধুনিক ও বৈষম্যমুক্ত পঞ্চগড় গড়ার প্রতিশ্রুতি দেন। এসময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা তার সাথে উপস্থিত ছিলেন।