বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পেশিশক্তি দেখিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করলে পাল্টা প্রতিরোধ গড়ব

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:২২ পিএম

পেশিশক্তি দেখিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করলে পাল্টা প্রতিরোধ গড়ব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ১১ দলীয় জোটের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্বাচনে কেউ পেশিশক্তি দেখিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণ তা পাল্টা প্রতিরোধের মাধ্যমে রুখে দেবে। বুধবার (২৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শহীদ মিনার চত্বরে ১১ দলীয় জোটের নির্বাচনি পদযাত্রা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

আসিফ মাহমুদ বলেন, আগামীর বাংলাদেশে যারাই আমাদের মা-বোনদের ওপর হামলা করবে বা পেশিশক্তি দেখিয়ে ভোটের অধিকার কেড়ে নিতে চাইবে, তাদের বিরুদ্ধে আমরা পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। 

শেরপুরে জোটের প্রার্থীর ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, সেখানে ৩০ জনের বেশি সহযোদ্ধা আহত হয়েছে। এভাবে হামলা করে এগারো দলীয় জোটকে দমানো যাবে না।ব্রাহ্মণবাড়িয়ার বৈপ্লবিক ইতিহাসের স্মৃতিচারণ করে তিনি বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত এ জেলার মানুষ রক্ত দিয়েছে।

 অথচ বিগত সরকারগুলো উন্নয়নের গল্প শোনালেও ব্রাহ্মণবাড়িয়ায় বাজেট বরাদ্দে বৈষম্য করেছে। আসিফ মাহমুদ প্রতিশ্রুতি দেন যে, ১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসলে রাজনৈতিক কারণে কোনো অঞ্চলকে বঞ্চিত করা হবে না এবং প্রতিটি জেলা-উপজেলার জন্য ইনসাফপূর্ণ বাজেট নিশ্চিত করা হবে।সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের জোটের প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন বলেন, "আমরা নতুন বাংলাদেশের ইশতেহারে ব্রাহ্মণবাড়িয়াকে অগ্রাধিকার দেব। 

তিনি বিএনপি ও অন্যান্য বড় দলগুলোর সমালোচনা করে প্রশ্ন তোলেন, শাপলা চত্বর বা মোদিবিরোধী আন্দোলনের সময় তারা কোথায় ছিল? তিনি নির্বাচিত হলে প্রতি ছয় মাস অন্তর অন্তর কাজের স্বচ্ছ হিসাব পেশ করার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার করেন।সরাইল উপজেলা জামায়াতের আমির মো. এনাম খাঁর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে জেলা ও উপজেলার ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা ভোটারদের প্রতি নির্ভয়ে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।