রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজধানীতে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:১৬ পিএম

রাজধানীতে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকা-৪ আসনের নির্বাচনি প্রচারণাকালে জামায়াত নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবিকে কুপিয়ে জখম করার প্রতিবাদে রাজধানীর কদমতলীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কদমতলীর কুদরত আলী বাজার মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে হাজার হাজার নারী কর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন অভিযোগ করেন, গত বুধবার দুপুরে ৫২ নং ওয়ার্ডের ডিপটির গলিতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে প্রচারণাকালে কাজী মারিয়া ইসলাম বেবিকে হত্যার উদ্দেশ্যে যুবদলের সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে জখম করে। 

তিনি বলেন, “নারীর নিরাপত্তা ও অধিকার লুণ্ঠন করে বিএনপি বাংলাদেশে নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। তারা আওয়ামী লীগের মতোই একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চক্রান্তে লিপ্ত।”

সমাবেশে অন্যান্য বক্তারা অভিযোগ করেন, সারাদেশে ১১ দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং প্রশাসনের নীরব ভূমিকা জনমনে সংশয় সৃষ্টি করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন নিরপেক্ষতা হারালে এবং নির্বাচনি পরিবেশ বিনষ্ট হলে জুলাই আন্দোলনের মতো আবারও নারী সমাজ রাজপথে নেমে আসতে বাধ্য হবে। নেতৃবৃন্দ আরও বলেন, যারা ক্ষমতার বাইরে থাকতেই মা-বোনদের ওপর হামলা চালায়, তারা ক্ষমতায় গেলে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা থাকবে না।

সমাবেশ থেকে এই অমানবিক হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ঢাকা-৪ আসনের নির্বাচনি পরিচালক আব্দুর রহিম জীবনসহ মহিলা বিভাগের স্থানীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। মিছিলটি কদমতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের পদভারে উত্তাল হয়ে ওঠে।