জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:১২ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা থেকে সততা হারিয়ে গেছে। আমরা রাজনীতিতে সেই সততা ফিরিয়ে আনার চেষ্টা করছি। মানুষের ভোট একটি বড় আমানত। আপনারা আমাকে ভোট দেবেন, কারণ আমি আপনাদের দীর্ঘদিনের চেনা লোক।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
নিজের রাজনৈতিক সততা ও ত্যাগের কথা উল্লেখ করে মির্জা ফখরুল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "ঠাকুরগাঁও আমার জন্মস্থান। আমার বাবা, আমি এবং আমার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলাম।
কিন্তু আওয়ামী লীগ আমলে আমার ছোট ভাই চেয়ারম্যান থাকা সত্ত্বেও তাকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি, আমাদের কাজ করতে দেওয়া হয়নি। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, বরং বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি। জমি যা ছিল তার অর্ধেকই শেষ। এটাই আমার জীবনের শেষ নির্বাচন, আপনারা আমাকে কাজ করার একটি সুযোগ করে দেবেন।
কর্মসংস্থান ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "আমরা ভিক্ষা আর দয়ায় বাঁচতে চাই না, কাজ করে বাঁচতে চাই। শুধু এমএ-বিএ পাস করে চাকরির পেছনে না ছুটে কারিগরি প্রশিক্ষণ নিলে বিদেশের মাটিতেও ভালো আয় করা সম্ভব। ছাত্রদের সেদিকেই মনোযোগী হতে হবে।
বিগত ১৫ বছরের দুঃশাসনের স্মৃতিচারণ করে তিনি বলেন, "বিগত সরকার আমাদের শুধু পিটিয়েছে আর মামলা দিয়েছে। এখন আমরা প্রকৃত উন্নয়ন করতে চাই। নির্বাচিত হলে সবজি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ এবং নারীদের স্বাবলম্বী করতে কুটির শিল্পের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।"এ সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন