সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:১৭ পিএম

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নারীদের কর্মঘণ্টা, মাতৃত্বকালীন ছুটি এবং ইসলামি আইন প্রয়োগের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন যে, নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব তাদের পিছিয়ে দেওয়ার জন্য নয়, বরং সম্মানের জায়গা থেকে করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, “একজন মা একই সময়ে সন্তান ধারণ করছেন, তাকে বড় করছেন, আবার কর্মক্ষেত্রে পুরুষদের সমান সময় দায়িত্ব পালন করছেন—এটি সম্পূর্ণ ন্যায়সংগত নয়।

তিনি বিশেষ করে সন্তান জন্মদান ও স্তন্যদানকালীন সময়ে মায়েদের প্রতি বাড়তি সম্মান প্রদর্শনের ওপর জোর দেন। বর্তমানের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটিকে ‘অপ্রতুল’ উল্লেখ করে তিনি বলেন, একটি শিশু মাত্র ছয় মাসে বড় হয়ে ওঠে না, তাই এই সময়ে মায়েদের আরও ছাড় দেওয়া প্রয়োজন।

নারীদের পুনরায় ‘অন্ধকারে’ ঠেলে দেওয়ার অভিযোগের জবাবে জামায়াত আমির বলেন, “অন্ধকারে ঠেলে দেওয়ার প্রশ্নই আসে না। এটি তাদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের বিষয়। কিছু অ্যাকটিভিস্ট যাদের আদর্শ আমাদের বিপরীত, তারা হয়তো এর বিরোধিতা করতে পারেন; আমরা তাদের মতকেও সম্মান করি।

ক্ষমতায় গেলে দেশে ইসলামি আইন চালু করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি জানান, জামায়াতে ইসলামী বর্তমান দেশের আইনি কাঠামোর অধীনেই নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি বলেন, “যদি দেশের উন্নতির জন্য ইসলামি আইন অপরিহার্য হয়, তবে সেটি সংসদ ঠিক করবে, আমি ব্যক্তিগতভাবে নয়। আমরা জনগণের অনুভূতি বোঝার চেষ্টা করব এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না।” তিনি আরও যোগ করেন যে, জামায়াত সব সময় সংসদীয় গণতন্ত্র ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।