শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হবে: নাহিদ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ১০:৫২ পিএম

ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের প্রচলিত লুটপাটের রাজনীতি চীরতরে বন্ধ করে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নরসিংদীর ঘোড়াশাল পোস্ট অফিস রোডে নরসিংদী-২ আসনে ১১ দলীয় জোটের এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।

নাহিদ ইসলাম বলেন, “গত ৫০ বছর ধরে আপনারা কেবল দুর্বৃত্তায়ন ও লুটপাটের রাজনীতি দেখেছেন। আওয়ামী লীগ ও বিএনপির সেই পুরনো ধারার বাইরে নতুন কিছু করার সময় এসেছে। ১১ দলীয় জোট সেই বিকল্প শক্তি হিসেবে সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও যোগ করেন যে, ক্ষমতার পালাবদল নয়, বরং ব্যবস্থার পরিবর্তনের জন্যই এনসিপি এবং তার মিত্ররা রাজপথে লড়ছে।

জনসভায় প্রধান বক্তা হিসেবে এনসিপির মুখপাত্র ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমাদের সরকারের প্রধান কাজ। শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারে আমরা কোনো আপস করব না।

নরসিংদী-২ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় জোট নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা নরসিংদীবাসীকে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে শাপলা কলি প্রতীকে ভোট চান। সভায় এনসিপি, জাতীয় ছাত্র শক্তি ও যুবশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।