বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভোটের প্রচারে ভারত নিয়ে নীরব বিএনপি-জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:১৪ এএম

ভোটের প্রচারে ভারত নিয়ে নীরব বিএনপি-জামায়াত

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আর মাত্র আট দিন বাকি থাকলেও প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রচারণায় ভারত ইস্যুটি রহস্যজনকভাবে অনুপস্থিত। বিগত বছরগুলোতে নির্বাচনী মাঠ ভারত ইস্যুতে উত্তপ্ত থাকলেও এবার উভয় দলই এ ব্যাপারে কৌশলী নীরবতা পালন করছে। 

যেখানে দিল্লি জুলাই বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, সীমান্তে উত্তেজনা এবং আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে, সেখানে প্রধান দুই দলের এই অবস্থান রাজনৈতিক বিশ্লেষকদের বিস্মিত করেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে ভারতের এই আগ্রাসী তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হলেও রাজনৈতিক দলগুলো কোনো জোরালো প্রতিবাদ বা বিবৃতি দেয়নি যা দিনশেষে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ক্ষমতায় যাওয়ার দৌড়ে ভারত যাতে অখুশি না হয় সেই লক্ষ্যেই হয়তো দলগুলো এখন নীরব। তবে ভারতের থিংকট্যাংক ও গণমাধ্যমগুলো এই নীরবতাকে দিল্লির জন্য স্বস্তিদায়ক বলে মনে করছে। যদিও বিএনপির স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ এবং জামায়াত প্রতিবেশী সব দেশের সঙ্গে সমমর্যাদার সম্পর্কের কথা বলছে কিন্তু পর্দার আড়ালে দিল্লির সাথে তাদের যোগাযোগ আছে বলে ধারণা করা হচ্ছে। 

রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরীর মতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মের যে অবস্থান তৈরি হয়েছে তা রাজনৈতিক দলগুলোকে বিবেচনায় রাখতে হবে। অন্যদিকে অধ্যাপক শাহাব এনাম খান মনে করেন ড. ইউনূস দিল্লির সঙ্গে যেভাবে দৃঢ়তার সাথে ডিল করেছেন নতুন সরকারকে সেই মানদণ্ড বজায় রাখতে হবে। ভারতের পক্ষ থেকে গঙ্গার পানিচুক্তি, ট্রানজিট ও নিরাপত্তা ইস্যুতে চাপ প্রয়োগের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে যা আগামী নির্বাচিত সরকারের জন্য সবথেকে বড় অগ্নিপরীক্ষা হয়ে দেখা দেবে।