ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৫:২০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নতুন মাত্রা যোগ করতে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে এই ভাষণ সম্প্রচারের অনুমতি চেয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে দলটি।
এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।এনসিপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের রূপরেখা তুলে ধরতেই নাহিদ ইসলামের এই ভাষণের পরিকল্পনা করা হয়েছে।
মাহাবুব আলম বলেন, “আমরা আজ আবেদন দাখিল করেছি। নির্বাচন কমিশন এখনো ভাষণের জন্য নির্দিষ্ট সময় বা স্লট বরাদ্দ দেয়নি। তবে আমরা আশা করছি, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ইসি দ্রুতই এই স্লট বরাদ্দ দেবে।উল্লেখ্য যে, এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি পৃথকভাবে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নাহিদ ইসলামের এই সম্ভাব্য ভাষণ তরুণ প্রজন্ম এবং জুলাই অভ্যুত্থানের শক্তির কাছে বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ১২ ফেব্রুয়ারির ভোটের আগে শীর্ষ নেতাদের এই রাষ্ট্রীয় গণমাধ্যমে উপস্থিতি ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন