রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:২৫ পিএম

শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, “আগামী নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হয়, তবে দেশের মানুষের হতাশার শেষ থাকবে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সামনে যে সুযোগ এসেছে, তা যেন কেউ অনৈতিকভাবে নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনই হলো গণতন্ত্রের মূল বাহন। যেখানে জনগণের ভোটাধিকার বা মত প্রকাশের সুযোগ নেই, সেখানে গণতন্ত্রও অর্থহীন। তাই একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে বিষয়ে গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে। 

বিএনপির এবারের ইশতেহারে ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিচার বিভাগের স্বাধীনতার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে বলে দলীয় সূত্রে জানা গেছে। ৬ ফেব্রুয়ারি সকালে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহারের বিস্তারিত দিকগুলো জনগণের সামনে তুলে ধরা হবে।