ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:২৯ পিএম
যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক অভূতপূর্ব নির্বাচনি আমেজ তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় মণিরামপুরের প্রতিটি অলিগলি এখন মুখরিত। এই প্রচারণায় সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছেন মণিরামপুরের কৃতি সন্তান ও প্রখ্যাত শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান।
তার গাওয়া ‘সিল মারিব কোন খানে’ গানটি এখন মণিরামপুরের সাধারণ মানুষের মুখে মুখে স্লোগান হিসেবে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে হাটে-বাজারে মাইকে এই গানটি বাজার সাথে সাথেই ভোটারদের মধ্যে এক নজিরবিহীন উদ্দীপনা দেখা যাচ্ছে।
মণিরামপুরের ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রতিটি চায়ের দোকান ও জনপদে এখন রোকনুজ্জামানের ভাইরাল গানগুলো আলোচনার কেন্দ্রে। গানের সুরে সুরে তিনি যেমন পরিবর্তনের ডাক দিচ্ছেন তেমনি জোটের প্রার্থী গাজী এনামুল হকের জন্য দোয়া ও ভোট প্রার্থনা করছেন।
বিশেষ করে ‘ভোট দিব পাল্লাতে’ এবং ‘বিজয় আসবেই এবার দাঁড়িপাল্লায়’—এমন গানগুলো তরুণ ও প্রবীণ উভয় শ্রেণির ভোটারদের হৃদয়ে গেঁথে গেছে। স্থানীয় ভোটাররা বলছেন এর আগে মণিরামপুরে এমন শৈল্পিক ও উৎসবমুখর প্রচারণা তারা কখনও দেখেননি। শিল্পী রোকনুজ্জামান শুধু গানের মাধ্যমেই নয় নিজে পায়ে হেঁটে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে এনামুল হকের জন্য সমর্থন চাচ্ছেন যা নির্বাচনি লড়াইয়ে জোটের প্রার্থীকে অনেক সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে মণিরামপুর আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও শিল্পী রোকনুজ্জামানের ভাইরাল গান এবং তার ব্যাপক জনপ্রিয়তা গাজী এনামুল হকের প্রচারণাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গানের সুরে সুরে পরিবর্তনের যে গণবিপ্লব শুরু হয়েছে তা ১২ ফেব্রুয়ারি ভোটের বাক্সে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
বিশেষ করে নারী ভোটারদের মধ্যেও এই গীতিময় প্রচারণার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। চারদিকে মিছিলে মিছিলে উত্তাল মণিরামপুরবাসী এখন তাদের প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণের জন্য প্রহর গুনছেন। শিল্পী রোকনুজ্জামানের এই জাদুকরী প্রচারণা শেষ পর্যন্ত দাঁড়িপাল্লা প্রতীকের জয় নিশ্চিত করবে বলে আশা করছেন জোটের নেতা-কর্মীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন