রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৫৪ পিএম

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) রাজনীতিতে এক বড় ধরনের পটপরিবর্তন ঘটেছে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে অন্তর্ভুক্ত হন। 

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে জিতু ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।

আবদুর রশিদ জিতুর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের একঝাঁক নির্বাচিত প্রতিনিধিও এদিন বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর।

রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ এবং বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি। এছাড়া মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলামও ছাত্রদলে যোগ দেন। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও শহীদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে নাম লিখিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে ভিপি জিতু বলেন, "একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশাআল্লাহ।" উল্লেখ্য, জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক হিসেবে জুলাই বিপ্লবের শুরু থেকেই ক্যাম্পাসে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। জাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে আলোচনায় এসেছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এই মেধাবী নেতাদের স্বাগত জানিয়ে বলেন, তাদের এই যোগদান দেশের গণতান্ত্রিক সংগ্রামকে আরও বেগবান করবে।