ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৬:৫২ পিএম
ঝালকাঠির ঐতিহ্যবাহী শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে এক অনন্য মুহূর্ত তৈরি করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় ঐক্যজোটের বিশাল নির্বাচনি জনসভায় এই ঘটনা ঘটে।
প্রধান অতিথির বক্তব্য শেষে স্থানীয় নেতাকর্মীরা যখন ঝালকাঠির বিখ্যাত শীতল পাটি তাঁর হাতে তুলে দেন, তখন তিনি পাটিটি মঞ্চে বিছিয়ে সেখানে শুয়ে পড়েন এবং উপহার প্রদানকারীদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কুশল বিনিময় করেন। তাঁর এই সহজ-সরল ও ভিন্নধর্মী আচরণ উপস্থিত জনতাকে অভিভূত করে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে ঝালকাঠি পৌঁছে সরকারি বালক বিদ্যালয় মাঠে জুমার নামাজ আদায় করেন। নামাজ পরবর্তী সমাবেশে তিনি ইনসাফ কায়েমের লক্ষ্যে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় ডা. শফিকুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের জোট মনোনীত প্রার্থীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন