ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:৫১ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের এক বিশাল নির্বাচনী জনসভায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরেছেন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় তিনি উত্তরাঞ্চলের চারটি জেলাকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তারেক রহমান বলেন যে ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর এবং পঞ্চগড়কে শিল্পে রূপান্তর করাই তাদের আগামী দিনের লক্ষ্য।
এই জেলাগুলোতে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপি একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। তারেক রহমানের মতে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু করা হবে যা এই অঞ্চলের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে আমূল পরিবর্তন আনবে।
তিনি উপস্থিত বিশাল জনসমুদ্রে জনগণের উদ্দেশ্যে বলেন যে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে।
তিনি মনে করেন দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারী শাসনামলে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং এবারের নির্বাচন সেই অধিকার ফিরে পাওয়ার বড় একটি সুযোগ। তারেক রহমান তার বক্তব্যে জোর দিয়ে বলেন যে গত দেড় দশকে ক্ষমতাধারীরা শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখেছে কিন্তু বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করে তাদের মৌলিক সমস্যার সমাধান করতে চায়।
দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই তাদের প্রধান লক্ষ্য। তারেক রহমান উত্তরাঞ্চলের কৃষিপণ্য ভিত্তিক শিল্পের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করার কথা উল্লেখ করেন। তিনি বলেন যে এই এলাকার মানুষের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে আমরা একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে চাই।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন