রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পে স্কেল বাস্তবায়ন কবে, যা আছে বিএনপির ইশতেহারে

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:০৪ পিএম

পে স্কেল বাস্তবায়ন কবে, যা আছে বিএনপির ইশতেহারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের বহুল প্রতীক্ষিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। শুক্রবার রাজধানীর এক অনুষ্ঠানে সবার আগে বাংলাদেশ শিরোনামে এই ইশতেহার প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ৯টি মূল প্রতিশ্রুতির এই ইশতেহারে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক বিশেষ সুসংবাদ রয়েছে। বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল যথাসময়ে বাস্তবায়ন করবে। 

দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকা চাকরিজীবীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে যা প্রশাসনকে আরও গতিশীল করবে।

ইশতেহারে জনপ্রশাসন সংস্কারের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেখানে মেধা ও সততাকেই নিয়োগ ও পদোন্নতির একমাত্র মাপকাঠি হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে সরকারি বিভিন্ন দফতরে পাঁচ লক্ষাধিক শূন্য পদ রয়েছে এবং বিএনপি জানিয়েছে যে তারা ক্ষমতায় যাওয়ার পর অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য তরুণ-তরুণীদের এই পদগুলোতে নিয়োগ নিশ্চিত করবে। 

এর ফলে শিক্ষিত বেকারদের জন্য যেমন বড় সুযোগ তৈরি হবে তেমনি সরকারি সেবার মানও বৃদ্ধি পাবে। এছাড়া দলীয়করণ রোধ করে প্রশাসনকে জনবান্ধব ও দক্ষ করে তোলার জন্য প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করার কথাও স্পষ্টভাবে বলা হয়েছে।আর্থিক ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও বিএনপি বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে সারাদেশে ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা বা সমমূল্যের পণ্য সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

একই সঙ্গে বেসরকারি চাকরিজীবীদের অধিকার রক্ষার জন্যও ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বেসরকারি চাকুরিজীবীরা যাতে কোনোভাবে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে একটি পৃথক বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। সব মিলিয়ে বিএনপির এবারের ইশতেহারটি প্রশাসন পুনর্গঠন এবং কর্মসংস্থান কেন্দ্রিক একটি নতুন রূপরেখা হিসেবেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচিত হচ্ছে।