শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য: মাহদী আমিন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:০৬ পিএম

নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য: মাহদী আমিন

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের ঠিক আগের দিন বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন দাবি করেছেন, দেশি-বিদেশি গণমাধ্যমের জরিপ ও জনমত বলছে—বিএনপির বিজয় অনিবার্য। তবে এই বিজয়ের পথে একটি বিশেষ গোষ্ঠী অনৈতিক বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। আজ দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “যখন সব ব্যাংক ও আর্থিক লেনদেন বন্ধ, তখন একজন নেতা এত বিপুল পরিমাণ টাকা নিয়ে কেন এবং কার জন্য যাচ্ছিলেন? 

যারা ইনসাফ ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান দেন, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই বয়ানের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ?” তিনি একে স্পষ্ট নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে দাবি করেন এবং অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি আরও অভিযোগ করেন, শুধু ঠাকুরগাঁও নয়, জামায়াত আমিরের নিজের আসন ঢাকা-১৫ সহ কুমিল্লা, নোয়াখালী ও খুলনায় ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে এবং ভীতি ছড়াতে দেশি অস্ত্র মজুদ করা হচ্ছে। এছাড়া ধর্মীয় পোশাকের অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “বিএনপি ইসলামী মূল্যবোধ ও নারীর পর্দার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু বোরকা ও নিকাব ব্যবহার করে কেউ যদি পরিচয় গোপন রেখে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তবে তা প্রতিরোধ করতে হবে।” ভোটের আগের বিকেলে বিএনপির এই অভিযোগ ও কঠোর হুঁশিয়ারি রাজনীতির মাঠে নতুন উত্তাপ ছড়িয়েছে।