ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৫২ এএম
সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়-১ আসনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ১১ দলীয় জোটের এই হেভিওয়েট প্রার্থী সকাল সাড়ে ৮টায় আটোয়ারী উপজেলার বামন কুমার রাখাল দেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোটদানের ক্ষেত্রে সারজিস আলম সাধারণ ভোটারদের মতোই আচরণ করেছেন, যা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সকাল ৮টায় তার বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে কেন্দ্রে উপস্থিত হন।
এরপর কোনো বিশেষ সুবিধা না নিয়ে সাধারণ ভোটারদের সারিতে লাইনে দাঁড়ান। প্রায় আধা ঘণ্টা লাইনে অপেক্ষা করার পর সকাল সাড়ে ৮টায় তিনি ভোটকক্ষে প্রবেশ করেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট দেওয়ার পর সারজিস আলম কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, “ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন, এটিই আমাদের বিজয়।” পঞ্চগড়-১ আসনে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে সারজিস আলমকে নিয়ে বাড়তি উৎসাহ দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রে কড়া নজরদারি রাখছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন