ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৫৬ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের হেভিওয়েট প্রার্থী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।জীবনের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপির এই শীর্ষ নেতার ভোটদানকে কেন্দ্র করে সকাল থেকেই গুলশান এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
ভোটকেন্দ্রে তারেক রহমানের আগমনকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গড়ে তোলা হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছে যে, দল সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।
ফলে আজকের নির্বাচনে তার ভোটদান মুহূর্তটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাকে একনজর দেখতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ছিল বাড়তি আগ্রহ। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিদেশি পর্যবেক্ষকদের বিশেষ নজর ছিল গুলশানের এই কেন্দ্রটির দিকে।
ভোট দেওয়ার পর তারেক রহমান উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তবে নির্বাচনী আচরণবিধি মেনে তিনি কেন্দ্রের ভেতরে কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এবং আইনি জটিলতা কাটিয়ে নির্বাচনে অংশ নেওয়া তারেক রহমানের এই ভোটদান বিএনপির রাজনীতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন বিশ্লেষকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন