রবিউল এহ্সান রিপন
ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:১০ এএম
ছবি-দিনাজপুর টিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্যতম প্রতিদ্বন্দ্বী এবং ১১ দলীয় জোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় নেতা বলেন, "আলহামদুলিল্লাহ, দীর্ঘ ১৭ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য শুধু আনন্দের নয়, বরং অত্যন্ত গৌরবের বিষয়।
দেশের মানুষ দীর্ঘকাল পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে দেলাওয়ার হোসেন বলেন, "আমরা চাই এই নির্বাচন যেন সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রশ্নাতীত হয়। প্রশাসন এখন পর্যন্ত সুন্দর পরিবেশ বজায় রাখতে সচেষ্ট আছে এবং দিনের বাকি সময়েও তাঁরা এই নিরপেক্ষতা বজায় রাখবেন বলে আমরা আশা করি।
জয়ের ব্যাপারে নিজের আশাবাদের কথা জানিয়ে তিনি আরও বলেন, ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। যদি শেষ পর্যন্ত সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন, তবে ফলাফল ইতিবাচক হবে বলে তিনি বিশ্বাস করেন।