রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসিতে ১১ দলীয় জোটের নেতারা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:৪০ পিএম

ইসিতে ১১ দলীয় জোটের নেতারা

ইসিতে ১১ দলীয় জোটের অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ব্যাপক ভোট জালিয়াতি, কারচুপি এবং ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ওই আসনগুলোতে ভোট পুনঃগণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে জোটের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে পৌঁছান।

জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনের দিন সংশ্লিষ্ট আসনগুলোতে ভোটারদের বাধা প্রদান, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ফলাফল শিটে ওভাররাইটিং বা পেন্সিলে লেখার মতো গুরুতর অনিয়ম হয়েছে। 

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল এবং ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নানসহ শীর্ষ নেতারা।

অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল দাবি করেন, উল্লিখিত ৩০টি আসনে সঠিকভাবে পুনঃগণনা করা হলে প্রকৃত ফলাফল সামনে আসবে এবং বর্তমানে পরাজিত দেখানো অনেক প্রার্থীই বিজয়ী হিসেবে গণ্য হবেন। বিশেষ করে ঢাকা-৬ আসনের ফলাফল শিটে এজেন্টদের এনআইডি নম্বর না থাকা এবং ফটোকপি শিট ব্যবহারের মতো অসঙ্গতির কথা উল্লেখ করেন ড. আব্দুল মান্নান। 

জোটের পক্ষ থেকে ঢাকা-৭, ৮, ১০, ১৩, ১৭ এবং পঞ্চগড়-১, দিনাজপুর-৩ ও ৫ সহ মোট ৩০টি আসনের তালিকা জমা দেওয়া হয়েছে। নেতারা হুশিয়ারি দিয়েছেন যে, কমিশন কার্যকর ব্যবস্থা না নিলে তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। একইসঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন।