রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকায় জামায়াত জোটের প্রতিবাদ মিছিল সোমবার

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:৪০ পিএম

ঢাকায় জামায়াত জোটের প্রতিবাদ মিছিল সোমবার

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতি, কারচুপি এবং নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।জোটের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে।

 জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে বর্বরোচিত হামলা চালানো হচ্ছে এবং নারীদের শ্লীলতাহানি করা হচ্ছে—এসব তথ্য আমরা কমিশনকে সবিস্তারে জানিয়েছি। 

তিনি অভিযোগ করেন, নির্বাচনে এক ধরনের ভীতি ছড়ানোর কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে এবং অনেক কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে।বৈঠকে জোটের নেতারা আরও অভিযোগ করেন যে, অনেক আসনের রেজাল্ট শিটে ঘষামাজা, কাটাছেঁড়া ও ওভাররাইটিং করা হয়েছে। বিশেষ করে ঢাকা-৬ আসনের ফলাফল শিট পেন্সিলে লেখার মতো গুরুতর অভিযোগও করেন তারা। 

এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের কাছে অনিয়ম হওয়া নির্দিষ্ট আসনগুলোর তালিকা জমা দেন এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জোটটি। ১১ দলীয় জোটের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।