ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:৫১ পিএম
বিএনপির বর্তমান নেতাকর্মীদের কর্মকাণ্ডকে ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদ’ হিসেবে অভিহিত করে দলটির শীর্ষ নেতৃত্বকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
বরিশাল-৩ আসনে নির্বাচনি অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানির প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।ব্যারিস্টার ফুয়াদ বলেন, “বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে, তাদের অবিলম্বে নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য এক ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে।”
তিনি নবনির্বাচিতদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা চর দখলের মতো নির্বাচন করে ক্ষমতায় যাচ্ছেন, তারা যেন ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ত্যাগের কথা ভুলে না যান।
ফুয়াদ আরও অভিযোগ করেন যে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এটি একটি লজ্জাজনক ঘটনা যে ৫ বছর পরেও রামদা-চাপাতির ভয়ে মানুষ নির্ভয়ে ভোট চাইতে পারছে না।সবশেষে তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে এই শক্তি দিয়ে বেশি দিন ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না।
তিনি বিএনপির ঘোষিত ‘৩১ দফা’ কেবল কাগজে-কলমে না রেখে বাস্তবে বাস্তবায়নের দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনি এলাকায় তাঁর নেতাকর্মীদের ওপর হওয়া হামলার বিচার দাবি করেন এবং জাতীয় চরিত্র পরিবর্তনের ওপর জোর দেন। এই সংবাদ সম্মেলনটি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন