রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সন্ধ্যায়

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:২৭ পিএম

দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সন্ধ্যায়

মতবিনিময় করবেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। সংসদীয় রাজনীতিতে শক্তিশালী প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশের পর দলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আমিরের এই বৈঠককে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত ৬৮ জন সংসদ সদস্য এই মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন। সভায় মূলত সংসদে জামায়াতের ভূমিকা, জনগণের অধিকার আদায়ে কণ্ঠস্বর হওয়া এবং সংসদীয় শিষ্টাচার নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেবেন দলের আমির। দীর্ঘ দেড় দশক পর সংসদে বড় পরিসরে প্রতিনিধিত্ব করতে যাওয়া দলটির এই প্রতিনিধিরা কীভাবে রাজপথের দাবির প্রতিফলন সংসদে ঘটাবেন, 

সে বিষয়ে একটি প্রাথমিক রূপরেখা তৈরি হতে পারে আজকের এই বৈঠকে। এ ছাড়া বিরোধী দল হিসেবে সংসদে গঠনমূলক সমালোচনা এবং রাষ্ট্রের আইন প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের বিষয়েও আলোচনা হবে।উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অভাবনীয় ফলাফল অর্জন করেছে। 

এককভাবে দলটি থেকে ৬৮ জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যা দলটির ইতিহাসে অন্যতম সেরা সাফল্য। নির্বাচনের পর থেকেই দলের নেতাকর্মীরা ব্যাপক উদ্দীপনার মাঝে রয়েছেন। সংসদীয় কার্যক্রমে এই বিপুল সংখ্যক প্রতিনিধিকে সমন্বয় করা এবং তাঁদের কর্মপদ্ধতি নির্ধারণ করাই হবে আজকের এই মতবিনিময় সভার প্রধান লক্ষ্য। রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং সন্ধ্যায় নির্বাচিত প্রতিনিধিরা সেখানে সমবেত হবেন।