সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের প্রতিবাদ জানাল শিবির

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:৫১ পিএম

স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের প্রতিবাদ জানাল শিবির

ছাত্রশিবিরের প্রতিবাদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গণঅভ্যুত্থানোত্তর প্রেক্ষাপটে সাংবাদিকদের পেশাগত অধিকার এবং স্বাধীন মতপ্রকাশে হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই নিন্দা ও প্রতিবাদ জানান। 

বিবৃতিতে বলা হয়, বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠান ‘এখন টেলিভিশন’-এর চার সাংবাদিককে সংস্কার ও গণভোটের পক্ষে মতপ্রকাশ করায় কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদকে জোরপূর্বক অব্যাহতি দেওয়ার চেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।

নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মাত্র ২৪ ঘণ্টার মাথায় এ ধরনের ঘটনা জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। তারা একে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী এবং নতুন এক ধরনের ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, সদ্য সমাপ্ত গণভোটে দেশের মানুষ যে সংস্কার ও জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, বর্তমান সরকার তা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। গণমাধ্যম দখল এবং উচ্চপর্যায়ে বিশেষ রাজনৈতিক আদর্শের অনুসারীদের বসিয়ে জুলাইয়ের স্পিরিট লালনকারী সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে বলে ছাত্রশিবির দাবি করে।

সংগঠনটি অবিলম্বে হয়রানির শিকার পাঁচ সাংবাদিককে সসম্মানে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, যারা আন্দোলনের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরেছিলেন, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না। রাষ্ট্রপরিচালনায় গণভোটের রায় ও জুলাই সনদের প্রতিফলন নিশ্চিত করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান। গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।