রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সংসদীয় এলাকায় জুমার নামাজ পড়লেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:০২ পিএম

সংসদীয় এলাকায় জুমার নামাজ পড়লেন জামায়াত আমির

এলাকায় ডা. শফিকুর রহমান

ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকায় জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার পবিত্র রমজান মাসের প্রথম জুমায় তিনি মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় অবস্থিত মসজিদুর রহমান জামে মসজিদে উপস্থিত হয়ে সাধারণ মুসল্লিদের সঙ্গে নামাজে শরিক হন। 

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর এটিই তার নিজ নির্বাচনী এলাকায় প্রথম জুমার নামাজ আদায়।বিরোধীদলীয় এই নেতার উপস্থিতি ঘিরে মসজিদে মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 

জুমার আজানের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ডা. শফিকুর রহমান সাধারণ মানুষের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ডা. শফিকুর রহমান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয় বাসিন্দারা তাদের নবনির্বাচিত প্রতিনিধিকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিভিন্ন ব্যক্তিগত ও সামাজিক দাবি নিয়ে কথা বলেন। জামায়াত আমির অত্যন্ত ধৈর্যের সঙ্গে সাধারণ মানুষের কথা শোনেন এবং হাত নেড়ে উপস্থিত সবার শুভেচ্ছা ও কৃতজ্ঞতার জবাব দেন। 

এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সঙ্গে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন।