বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জামায়াত আমিরের নেতৃত্বে শহীদ মিনারে প্রথমবার শ্রদ্ধা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৫:২২ এএম

জামায়াত আমিরের নেতৃত্বে শহীদ মিনারে প্রথমবার শ্রদ্ধা

ডা. শফিকুর রহমান

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটের পর তিনি শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এই প্রথমবারের মতো জামায়াতের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দলের সংসদ সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করলেন। 

রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর বিরোধীদলীয় নেতার নেতৃত্বে এই শ্রদ্ধা জানানো হয়।শ্রদ্ধা নিবেদনের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এবং হান্নান মাসউদ। 

এছাড়া জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আরমান ও অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন এই কর্মসূচিতে অংশ নেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পরিলক্ষিত হয়।এর আগে শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা সম্মিলিতভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। 

কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তারা আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন। সেখানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা জামায়াতের এই পদক্ষেপকে দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচনা করছেন।