বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১, ২০২৬, ১২:৩০ পিএম

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক প্রকাশ

শোক প্রকাশ করলেন জামায়াত আমির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতের সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের ধৈর্য ও শক্তি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। 

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা এবং সাম্প্রতিক সামরিক ঘটনাবলি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

তিনি তার বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি যদি আরও বড় ধরনের সামরিক উত্তেজনার দিকে মোড় নেয়, তবে তা কেবল একটি নির্দিষ্ট দেশের জন্য নয় বরং পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ভয়াবহ ও বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরনের সামরিক হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি করবে যা বিশ্বশান্তিকে আরও বেশি বিপন্ন করে তুলবে। 

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি বিশেষ আহ্বান জানান।জামায়াত আমির যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ এই সংকটের সাথে সরাসরি জড়িত সব পক্ষকে অবিলম্বে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। 

তিনি সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। ডা. শফিকুর রহমানের মতে, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় দায়িত্ব। তিনি বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও প্রভাবশালী বিশ্বনেতাদের দ্রুত এবং কার্যকর ভূমিকা গ্রহণের দাবি জানান।