রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সব নারীকে জামায়াতের শুভেচ্ছা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ১১:০৫ পিএম

আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সব নারীকে জামায়াতের শুভেচ্ছা

নারী দিবসে জামায়াতের বার্তা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই সত্যিকারের ক্ষমতায়ন সম্ভব। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে নারীর অধিকার ও মানবিক সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা এবারের নারী দিবসের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই প্রতিপাদ্য শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কার্যকর করা জরুরি। 

তবে সাম্প্রতিক সময়ে নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, ঘরে ও বাইরে নিরাপদ পরিবেশ নিশ্চিত না করে নারীর ক্ষমতায়নের কথা বলা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। 

যদিও বিশ্ব রাজনীতিতে নারীর ক্ষমতায়নের বিষয়টি বারবার উচ্চারিত হয়, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় তার যথেষ্ট ঘাটতি রয়েছে বলে তিনি মনে করেন।তিনি আরও উল্লেখ করেন যে ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা ও সম্মান প্রদান করেছে। আল্লাহর দেওয়া অধিকার ও মর্যাদা নিশ্চিত করে নারীদের এগিয়ে নেওয়ার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা সম্ভব।

 

এ লক্ষ্যে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্বশীলদের সচেতন ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি এমন একটি সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন যেখানে নারীরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারবে এবং মেধা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটিয়ে রাষ্ট্র গঠনে অংশ নিতে পারবে।