মার্চ ৮, ২০২৬, ১১:২০ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন এবং মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন করা হয়।
মির্জা আব্বাসের পক্ষে মামলার আবেদনটি জমা দেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।আদালত সূত্রে জানা গেছে যে মির্জা আব্বাসের রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য প্রদান এবং তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
মামলার আবেদনে ঘটনার সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক আবেদনটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সরব ছিলেন। তার কিছু বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপির একজন সিনিয়র নেতার পক্ষ থেকে মামলার এই আবেদন নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিএনপি নেতাদের দাবি যে পরিকল্পিতভাবে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এমন ধৃষ্টতা দেখানো হয়েছে যার প্রতিকারে তারা আদালতের শরণাপন্ন হয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন