রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খাল খনন কর্মসূচিকে বিরোধীদলীয় নেতার সাধুবাদ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ০৩:৪৭ পিএম

খাল খনন কর্মসূচিকে বিরোধীদলীয় নেতার সাধুবাদ

বিরোধীদলীয় নেতার সাধুবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী খাল খনন কর্মসূচিকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই জনকল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করেন। 

ডা. শফিকুর রহমান তার বার্তায় উল্লেখ করেন যে বাংলাদেশ ঐতিহাসিকভাবেই একটি নদীমাতৃক দেশ এবং দেশের অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থায় নদীগুলোর গুরুত্ব অপরিসীম। তিনি বলেন যে নদীগুলো সচল থাকলে কৃষিক্ষেত্র যেমন সমৃদ্ধ হয় তেমনি প্রাকৃতিক মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।

বিরোধীদলীয় নেতা তার পোস্টে দেশের নদ-নদী ও জলাশয়গুলোর বর্তমান দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন স্বাধীনতার পর থেকে বিভিন্ন কারণে দেশের প্রধান নদী ও খালগুলো ভরাট হয়ে গেছে। 

বিশেষ করে ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবে এককালের স্রোতস্বিনী নদীগুলো এখন মৃতপ্রায়। এর ফলে বর্ষা মৌসুমে পানি ধারণক্ষমতা কমে গিয়ে অকাল বন্যা দেখা দিচ্ছে এবং শুষ্ক মৌসুমে নদীগুলো মরুভূমিতে পরিণত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে কেবল খাল খনন নয় বরং প্রধান নদীগুলোতে ড্রেজিং করে নাব্য ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।ডা. শফিকুর রহমান সরকারের এই উদ্যোগের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। 

তিনি অভিযোগ করেন যে অতীতে নদী শাসন ও সংস্কারের নামে বিপুল বাজেট বরাদ্দ হলেও দেশবাসী তার কাঙ্ক্ষিত সুফল পায়নি। তাই জনসাধারণের আমানত হিসেবে প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে কাজে লাগানো হয় সে বিষয়ে তিনি সরকারকে সতর্ক থাকতে বলেন। তার মতে খাল খননের প্রকৃত সুফল তখনই পাওয়া যাবে যখন দেশের প্রধান নদীগুলো প্রাণ ফিরে পাবে এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে। নদী ও খালের সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে পারলে দেশের কৃষি ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।