রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চীন অবিরত অকৃত্রিম বন্ধুর পরিচয় দিচ্ছে: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৭, ২০২৬, ০১:৪৮ পিএম

চীন অবিরত অকৃত্রিম বন্ধুর পরিচয় দিচ্ছে: জামায়াত আমির

খাদ্য সহায়তা বিতরণ

বাংলাদেশ আর কোনো আধিপত্য মেনে নেবে না এবং বিগত দিনের অন্যায়ের বোঝা জাতি ঘাড় থেকে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর ১৫ নম্বর এলাকায় বাসিন্দাদের মাঝে চীনের সহযোগিতায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 

শফিকুর রহমান উল্লেখ করেন যে চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দখলমুক্ত হয়েছে এবং এখন দেশের যুবসমাজ মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান চীনকে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং আন্তরিক উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন ১৯৭৬ সালে আনুষ্ঠানিক স্বীকৃতির পর থেকেই চীন বাংলাদেশের অবকাঠামো ও যোগাযোগ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। 

মিরপুর ইনডোর স্টেডিয়াম ও চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের মতো স্থাপনাগুলো দুই দেশের অকৃত্রিম বন্ধুত্বের স্বাক্ষর বহন করছে বলে তিনি মন্তব্য করেন। তবে আক্ষেপ প্রকাশ করে জামায়াত আমির বলেন যে বিগত ফ্যাসিস্ট আমলে এই বন্ধুত্বের নিদর্শনগুলো রাজনৈতিকভাবে হাইজ্যাক করা হয়েছিল যা কাম্য ছিল না।চীনের প্রশংসা করে শফিকুর রহমান আরও বলেন চীন এমন একটি অকৃত্রিম বন্ধু যারা আজ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি। 

তিনি অন্যান্য দেশের নাম উল্লেখ না করে বলেন অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই সব সুবিধা নিয়ে যায় এবং যখন-তখন দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা করে। সেদিক থেকে চীন অবিরত প্রকৃত বন্ধুর পরিচয় দিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা নিরসনে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি বলেন তিস্তা প্রকল্প এই অঞ্চলের মানুষের কান্নার কারণ এবং সেই কান্নার অবসান ঘটাতে নতুন প্রশাসন বদ্ধপরিকর।অনুষ্ঠানে জামায়াত আমির জানান যে চীন ইতোমধ্যে বাংলাদেশে এক হাজার শয্যার দুটি অত্যাধুনিক হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশাল একটি হল নির্মাণের ঘোষণা দিয়েছে এবং এর জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হয়েছে। 

তিনি মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে একটি পাইলট প্রজেক্ট হাতে নেওয়ার জন্য চীনা রাষ্ট্রদূতের প্রতি বিশেষ অনুরোধ জানান। উপস্থিত মিরপুরবাসীর উদ্দেশে তিনি বলেন এই এলাকা তার নিজের ঘরের মতো এবং সরকার বা বন্ধুরাষ্ট্র থেকে যা আসবে তা জনগণের আমানত হিসেবে স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নিজ হাতে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে শৃঙ্খলা বজায় রেখে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।