রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল মহিলা জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২০, ২০২৬, ১২:০৯ পিএম

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল মহিলা জামায়াত

নূরুন্নিসা সিদ্দীকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমাদের মাঝে ঈদুল ফিতর সমাগত হয়েছে। 

তবে দেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্বজুড়ে মজলুম মানবতার আর্তনাদের মধ্যে এবারের ঈদ উদযাপিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় নূরুন্নিসা সিদ্দীকা মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে চব্বিশের জুলাই বিপ্লবে নিহত ও নির্যাতিতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন যারা ন্যায়ের পথে চলতে গিয়ে এবং সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে জুলুমের শিকার হয়েছেন তাদের অবদান জাতি আজীবন স্মরণে রাখবে। 

বিশেষ করে ফিলিস্তিন ও ইরানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ এবং অশান্তির কারণে এবারের ঈদের আনন্দ কিছুটা ম্লান হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি মনে করেন ঈদ মানে সব বাধা পেরিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সাম্য ও ভ্রাতৃত্বের অনন্য সোপান হিসেবে একে গণ্য করা হয়।বিবৃতিতে তিনি ইনসাফ কায়েমের সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। 

নূরুন্নিসা সিদ্দীকা বলেন নারী ও শিশুদের নিরাপদ আবাস এবং ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই চলবে। তিনি সমাজের বিত্তবানদের প্রতি সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ব্যক্তিগত ও সামাজিক ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমেই ঈদের খুশি পূর্ণতা পায় বলে তিনি বিশ্বাস করেন। ত্যাগের বিনিময়ে আগামীতে প্রকৃত মুক্তি আসবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বিশ্বজুড়ে সকল শান্তিকামী মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।