বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

২৬ মার্চ ইতিহাসে এক অনন্য গৌরবের দিন: নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ০৯:০২ পিএম

২৬ মার্চ ইতিহাসে এক অনন্য গৌরবের দিন: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম

স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তিতে দেশে ও প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার ২৫ মার্চ এক বিশেষ বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। 

বাণীতে নাহিদ ইসলাম এই দিনটিকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গৌরবময় ও আত্মমর্যাদার দিন হিসেবে অভিহিত করেন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র অর্জিত হয়েছে। একই সঙ্গে তিনি স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদনকারী বীরাঙ্গনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

নাহিদ ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন যে, ১৯৭১ সালের স্বাধীনতা কেবল একটি ভূখণ্ডের অধিকার ছিল না বরং এটি ছিল ন্যায়, সাম্য, গণতন্ত্র ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র গঠনের সুদৃঢ় অঙ্গীকার। 

তবে স্বাধীনতার এতদিন পার হলেও সেই মূল লক্ষ্যগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন যে, বিগত বছরগুলোতে বারবার গণতন্ত্রের স্বাভাবিক ধারা ব্যাহত হয়েছে এবং জাতির ওপর স্বৈরাচারী শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এ দেশের মানুষ কখনো মাথা নত করেনি এবং প্রতিবারই অধিকার ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন যে, চব্বিশের জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে দেশ পুনরায় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। এই আন্দোলনের মাধ্যমেই জনগণের গণতান্ত্রিক অধিকার ও জাতীয় আত্মমর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। নাহিদ ইসলাম তার বাণীতে অঙ্গীকার ব্যক্ত করেন যে, শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে। 

তিনি দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে একটি আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে, মুক্তিযুদ্ধের সত্যিকারের আকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করে সাহসের সঙ্গে আগামীর উন্নত বাংলাদেশ গড়ার দায়িত্ব তাদেরই নিতে হবে।