এপ্রিল ৩, ২০২৬, ০৮:০৩ পিএম
বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কেরাণীগঞ্জে জেলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া মন্তব্য করেন। তাঁর মতে ফ্যাসিবাদ একটি সংক্রামক রোগের মতো যা নির্দিষ্ট কোনো ব্যক্তির পতনের পরেও অন্য কারও মধ্যে স্থানান্তরিত হতে পারে।
জনগণের রায়কে অবজ্ঞা করাই এই ফ্যাসিবাদের সূচনালগ্ন বলে তিনি অভিহিত করেন।ডা. শফিকুর রহমান বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির তীব্র সমালোচনা করে বলেন যে সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারা তা রক্ষা করছে না।
তিনি উল্লেখ করেন যে গত ১৫ মার্চের মধ্যে অনেক সংকট নিরসনের কথা থাকলেও সরকার নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আমরা চেয়েছিলাম সব সমস্যার সমাধান সংসদেই হোক কিন্তু সরকার সেই সুযোগ হাতছাড়া করেছে।
জামায়াত আমির মনে করেন জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছিল সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশে সুশাসন বা ইনসাফ প্রতিষ্ঠা করা অসম্ভব।সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি এক অভিনব উদাহরণ দেন। তিনি বলেন সংবিধান ১৭ বার সংশোধন হয়েছে কিন্তু তাতেও স্বৈরতন্ত্রের জন্ম ঠেকানো যায়নি। বর্তমান সংবিধানকে একটি ‘পুরনো ছেঁড়া জামা’র সঙ্গে তুলনা করে তিনি বলেন আমরা আর ওই তালি দেওয়া জামা গায়ে পরতে চাই না বরং একটি সম্পূর্ণ নতুন ও সংস্কারকৃত সংবিধান জাতির গায়ে চড়াতে চাই। গণভোটের রায়কে সম্মান জানিয়ে সংবিধানের ফ্যাসিবাদী ধারাগুলো চিরতরে নির্বাসনে পাঠানোর আহ্বান জানান তিনি।
জ্বালানি বাজারের চলমান অস্থিরতা এবং গণভোটের সিদ্ধান্তকে অবজ্ঞা করার প্রতিবাদে কাল শনিবার ৪ এপ্রিল ঢাকা মহানগরীতে এক বিশাল আন্দোলনের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী ও তাদের জোটভুক্ত ১১টি দল। ডা. শফিকুর রহমান এই কর্মসূচিকে ‘ইস্পাত কঠিন ও নিয়মতান্ত্রিক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি সাফ জানিয়ে দেন যে জামায়াত সহিংসতায় বিশ্বাসী নয় তবে কেউ যদি তাদের ওপর হামলা চালায় তবে তা ইস্পাতের মতো শক্ত হাতে মোকাবিলা করা হবে।
সবশেষে দেশের যুবসমাজকে জাগ্রত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন ৫ আগস্ট যে ঈমানি ও দেশপ্রেমের হাতিয়ার নিয়ে আপনারা ফ্যাসিস্টদের দেশ থেকে বিতাড়িত করেছিলেন সেই হাতিয়ারকে আবারও শাণিত করার সময় এসেছে। জনগণের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামী ও মিত্র দলগুলোর এই লড়াই রাজপথেই ফয়সালা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন