এপ্রিল ৪, ২০২৬, ১০:৩৭ পিএম
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই শোক জানান।
অগ্নিকাণ্ডে নিহতদের রূহের মাগফিরাত কামনা করার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
শনিবার দুপুরে দেওয়া ওই বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, আজ ৪ এপ্রিল দুপুর ১টার দিকে কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে ৩ জন নারীসহ মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও ২ জন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই হৃদয়বিদারক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত বলে উল্লেখ করেন। তিনি বলেন, নিহতদের পরিবারের এই বিশাল ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়।শোক প্রকাশের পাশাপাশি জামায়াত আমির দেশে ক্রমবর্ধমান শিল্প দুর্ঘটনার পেছনের কারণগুলো নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, রাজধানী ও এর আশপাশে যত্রতত্র অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি অভিযোগ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং যথাযথ তদারকির অভাবেই সাধারণ শ্রমিকদের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে। সময়মতো সঠিক তদারকি হলে এমন প্রাণহানি রোধ করা সম্ভব হতো বলে তিনি মনে করেন।বিবৃতিতে ডা. শফিকুর রহমান অবিলম্বে এই অগ্নিকাণ্ডের ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার দাবি জানান।
একই সঙ্গে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তিনি। তিনি বলেন, কেবল তদন্ত করলেই হবে না, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অবহেলা করার সাহস না পায়।
তিনি আরও দাবি করেন, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের যেন সর্বোচ্চ ও উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সারা দেশের সব অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে কার্যকর অভিযান চালানো এবং প্রতিটি শিল্পকারখানায় আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, কেরানীগঞ্জের এই ঘটনা এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন